জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এ আওয়ামী লীগ নেতা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হন তিনি।
একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশেনে এক নম্বর প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ।
আ স ম ফিরোজ ১৯৫৩ সালের ১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের পটুয়াখালীর বাউফলের কালাইয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইতিহাস বিষয়ে বরিশাল সরকারি বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি নেন।
ফিরোজ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি ১৯৬৯-১৯৭০ সালে বিএম কলেজের ছাত্র সংসদের (বাকসু) নির্বাচিত ভিপি ছিলেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেন।








